চাকরি প্রার্থীদের কোটা পদ্ধতি সংস্কারের দাবির মধ্যেই শুধু মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ‘বিশেষ বিজ্ঞপ্তি’ দিয়েছে সরকারি কর্ম কমিশন- পিএসসি।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. আলী নূর বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নন-ক্যাডার পদে শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
এর মধ্য দিয়ে শুধু মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় নিয়োগ দেয়া হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পিএসসির ওয়েবসাইটে নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ওই বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হয়।
এতে দেখা যায়, ২৬টি ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় ২০৭ জনকে নিয়োগ দেয়া হবে।
বর্তমানে দেশে পাঁচ শতাংশ কোটা রাখা হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য। প্রতিবন্ধী এক শতাংশ, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ও জেলা কোটা ১০ শতাংশ করে। সব মিলিয়ে কোটার জন্য বরাদ্দ ৫৬ শতাংশ।
ফলে এর কোনো শ্রেণিতে যারা পড়েন না, তাদের প্রতিযোগিতা করতে হচ্ছে বাকি ৪৪ শতাংশের জন্য। সূত্র : ঢাকা টাইমস।

Post a Comment