উইকিলিকস পার্টি

Written By Masum on Jul 26, 2013 | 4:36 AM

আন্তর্জাতিক ডেস্কঃ- অস্ট্রেলিয়ায় আসন্ন সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল গঠন করে ভোটে লড়তে চলেছেন জুলিয়েন অ্যাসাঞ্জ। কারণ, নিজের কথা রেখেই রাজনীতিতে নামছেন উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেয়া এই তথ্য আন্দোলনকর্মী নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে লড়বে তার দল। নাম দিয়েছেন উইকিলিকস পার্টি। ফেডারেল নির্বাচনে ঊর্ধ্বকক্ষ সেনেটে অ্যাসাঞ্জ সহ সাতজন প্রার্থীকে দাঁড় করাচ্ছে তারা। স্কাইপ মারফত সম্প্রচারিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়েছে।

জন্মসূত্রে অস্ট্রেলিয়ান অ্যাসাঞ্জ দাঁড়াচ্ছেন ভিক্টোরিয়া থেকে। নভেম্বরে অস্ট্রেলিয়ার নির্বাচনে মুখোমুখি লড়াই হওয়ার কথা ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে টনি অ্যালবটের নেতৃত্বাধীন রক্ষণশীলদের। অ্যাসাঞ্জের ঘোষণা, সরকারের কাজকর্মের ওপর নিরপেক্ষ নজরদারি চালানোই হবে তার কাজ। রাজনীতিকদের সৎ সোজা পথে চলতে বাধ্য করাই হবে তার দলের লক্ষ্য।

প্রসঙ্গত, যৌন অপরাধের অভিযোগে জেরা করতে অ্যাসাঞ্জকে হাতে পেতে চায় সুইডেন। এজন্য বৃটেন থেকে তাকে সুইডেনে প্রত্যর্পণের তোড়জোড় ঠেকাতে আইনি লড়াই চালাতে চালাতেই ২০১২-র জুনে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে ঢুকে পড়েন তিনি। সেই থেকে দূতাবাসের বাইরে পা রাখেননি তিনি। অ্যাসাঞ্জের অবশ্য অভিযোগ, আসলে ইরাক ও আফগানিস্তানে মার্কিন অভিযানের নানা গোপন তথ্য-নথি তার ওয়েবসাইটে ফাঁস হয়েছে বলেই তাঁর বিরুদ্ধে সাজানো অভিযোগ আনা হয়েছে আমেরিকার উদ্যোগে।সুত্রঃ- বিবিসি নিউজ
Share this article :

Post a Comment